বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার (২৪ অক্টোবর) নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তাপমাত্রা সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, শনিবার (১৮ অক্টোবর) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরবর্তী কয়েক দিন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
পড়ুন : রাজধানীর মিরপুরে পুড়ে যাওয়া গুদামে বিষাক্ত গ্যাসের মাত্রা প্রাণঘাতী পর্যায়ে


