ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের সুপার মার্কেট এসে শেষ হয়। এর আগে দুপুর থেকেই জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুটবল হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সুপারমার্কেট এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের কড়া সমালোচনা করে বলেন, “উপরে আল্লাহ আর নিচে জনগণ ছাড়া আমার কেউ নেই। রতন সাহেব প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় আমার অনুসারী নেতাকর্মীদের বহিষ্কার করেছেন। কিন্তু নেতা বহিষ্কার করলেই কি হবে জনগণ আমার পাশে আছে।আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও জনগণের ঋণ শোধ হবে না।
তিনি বলেন, শুনতে পাচ্ছি প্রত্যেকটা লোকের ঘরে ঘরে নাকি অ্যারেস্ট করানো হবে। পুলিশ প্রশাসন কারো ব্যক্তিগত সম্পদ নয়। ওয়ারেন্ট ছাড়া যদি কোনো সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করা হয়, তবে মুন্সীগঞ্জের জনগণ তা মেনে নেবে না।
প্রয়াত ও অসুস্থ নেতাদের প্রসঙ্গ টেনে মহিউদ্দিন বলেন, এম শামসুল ইসলাম সাহেব মারা গেছেন, আপনি কি তার জানাজায় এসেছিলেন? আব্দুল হাই সাহেব সাড়ে চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, তাকে কি একবারও দেখতে গিয়েছেন? অথচ তাদের নাম ভাঙিয়ে রাজনীতি করছেন।আপনাদের মুখে শরম নেই।
তিনি আরও যোগ করেন, এতই যদি ক্ষমতা থাকে, তবে বহিষ্কারের রাজনীতি ছেড়ে ভোটের মাঠে আসেন। ৫ মিনিটও টিকতে পারবেন না। আমি বিজয়ী হই বা না হই, মরণ পর্যন্ত আপনাদের (জনগণের) পাশে আছি। ভয় পাবেন না, ভোটের লড়াইয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।
কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য পদত্যাগকারী নেতা আতাউর হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান, শাহাদাত হোসেন সরকার, মো. মাহবুবুর রহমান খান, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল সভাপতি মো. সাইদুর রহমান, ভিপি মো. শাহীন মিয়া, সাবেক যুবদল নেতা মো. মাসুদ রানা, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন মিজি ও মো. জন্টু মিজি প্রমুখ।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


