যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচারকালে অস্ট্রেলিয়ার ‘নাইন নিউজ’-এর নারী সাংবাদিক লরেন তোমাসি রাবার বুলেটে আহত হয়েছেন। সরাসরি সম্প্রচারের সময় ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি।
রোববার (৮ জুন) লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল গার্ড সৈন্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, নাইন নিউজের মার্কিন প্রতিনিধি লরেন তোমাসি ঘটনার সময় ক্যামেরার সামনে খবর জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা নীরবতার পর, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ঘোড়ায় চড়ে বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে তাদের সরিয়ে দিচ্ছে’। এর কয়েক সেকেন্ড পরই তোমাসি একটি রাবার বুলেটের আঘাতে আহত হন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর এক সদস্য ওই সাংবাদিক এবং তার ক্যামেরাম্যানকে লক্ষ্য করে ‘গুলি’ ছুড়ছেন।
নাইন নিউজ বলছে, এই বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারকে কেন্দ্র করে ছিল। সেখান থেকে অনেককে আটকও করা হয়েছে।
নাইন নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘লরেন তোমাসি একটি রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন। লরেন ও তার ক্যামেরা অপারেটর নিরাপদ আছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যাবেন।’
পড়ুন : লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের


