সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে আটশো লিটার অবৈধ পেট্রোল জব্দ করার পাশাপাশি এক অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে এতথ্য নিশ্চিত করেন, নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এরআগে এদিন সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমান কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন। সাম্প্রতিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে ড্রামে করে তিনি বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে নিজ গুদামে মজুদ করেন। এরপর কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে মজুদকৃত পেট্রোল বিক্রি করে আসছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় গুদামে তল্লাশি চালিয়ে ড্রামভর্তি আটশো লিটার পেট্রোল উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী এনায়েতুর রহমানকে ভিন্ন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দ করা আটশো লিটার পেট্রোল আগামিকাল (শনিবার) সকাল ১০টা থেকে সরকার নির্ধারিত মূল্যে এবং নির্ধারিত পরিমাণ অনুযায়ী রামপুর বাজারে প্রকাশ্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান শেষে কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম গণমাধ্যমকে জানান, “জ্বালানি তেলের মতো জরুরি পণ্যের সংকটকে পুঁজি করে কেউ যাতে ফায়দা লুটতে না পারে, সে জন্য সজাগ রয়েছে প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অন্যদিকে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুরো নেত্রকোনা জেলা জুড়েই কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) জেলায় ১০টি উপজেলায় আটটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন আইনে ৪১টি মামলা দায়ের করে ৪১ জন অভিযুক্ত ব্যক্তিকে ৮৫ হাজার আটশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পড়ুন : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


