কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, আওয়ামীলীগ নিষিদ্ধসহ তিনদফা দাবিতে সারাদেশে বিক্ষোভ করেছে, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে মধ্যরাতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয় হল চত্বর থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমী ভবনের সামনে এটি শেষ হয়।
সাভারে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধসহ তিন দাবিতে বিক্ষোভ হয়েছে শরীয়তপুরেও। সকালে ডামুড্যায় শিধলকুড়া বাসস্ট্যান্ডে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়।
একই দাবিতে ঠাকুরগাঁওয়ে হয়েছে মানববন্ধন। গণহত্যাকারীদের বিচার চাই-আওয়ামী লীগ নিষিদ্ধ চাই- এই স্লোগানে হয় বিক্ষোভ।
মৌলভীবাজারে গণহত্যার দায়ে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা।
এছাড়াও, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনাসহ দেশজুড়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ।
এনএ/


