যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও লেবাননজুড়ে বুধবার (৯ এপ্রিল) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মাত্র ১০ মিনিটের মধ্যে তারা লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটিই লেবাননে তাদের সবচেয়ে বড় হামলা বলে আইডিএফ নিশ্চিত করেছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, শান্তিপূর্ণ ও নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগতভাবে সমর্থন করলেও লেবাননকে ওই চুক্তির বাইরে রাখা হয়েছে।
নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থানে নিয়ে আসা, যাতে দেশটি আর কোনোভাবেই পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।
পড়ুন: শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে
আর/


