শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় অরক্ষিত একটি সেচ পাম্পের সঙ্গে বোরখা পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে শরীয়তপুর পৌরসভার চরপালং কীর্তিনাশা নদীর পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত রোজিনা বেগম চরপালং এলাকার বাসিন্দা ইব্রাহিম সরদারের স্ত্রী। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার পরিহিত বোরখা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রাংশে পেঁচিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরখা পেঁচিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোজিনা বেগম পাম্পের ভেতরে চলে যায় এবং তার শরীরের উপরের অংশ মেশিনের ভেতরে আটকে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সেচ পাম্পটি কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চালানো হচ্ছিল। একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, উন্মুক্ত অবস্থায় চলমান এমন যন্ত্রপাতি জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পড়ুন:বয়স্ক ভাতা নিয়ে প্রহসন: জালিয়াতিতে জ্যান্ত মানুষ ‘মৃত’
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


