নরসিংদী পৌর এলাকা থেকে অভিনব কৌশলে শরীরে পেঁচিয়ে গাঁজা বহনের সময় নারীসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিলসংলগ্ন বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার ইউএমসি জুট মিলসংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদককারবারি অভিনব কৌশলে শরীরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় গাঁজা বহন করে বিক্রির উদ্দেশ্যে শহরে প্রবেশ করছিল। পুলিশ তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। পুলিশের নজর এড়াতে দীর্ঘদিন ধরে তারা এমন কৌশল ব্যবহার করে আসছিল। ঘটনার বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পড়ুন: রাঙামাটিতে দুইদিনের হরতালের ডাক
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


