চাঁদপুর শহরে ম্যানহোলের গ্যাস বিস্ফোরণের মা-ছেলেসহ ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ রবিবার (১৮ মে) দুপুরে কদমতলা এলাকায় পৌরসভার আবাসিক ভবনের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন, তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)। আহতদের সবাই পথচারী ছিলেন।
আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। আহত তাদের ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় মো. সাইফুল ইসলাম, বাঁধনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১টার দিকে হঠাৎ করে মাদরাসা ছুটির পর আহত তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিমকে নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পৌরসভার মেনহোলে জমে থাকা বায়োগ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই আহত হন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌর প্রশাসক জাকারিয়াসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনএ/


