বিজ্ঞাপন

শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা মন্ত্রণালয়ের

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ২৬ জুনের সভার সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও এখন পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসেনি। তারা বলছে, শিগগিরই আমাদের ঘোষণা জানানো হবে।

অর্থ মন্ত্রণালয় বলছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল ২৬ জুন বিকেলে অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়

(ক) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা।

(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যুকৃত কর্মকর্তাগণের দু’টি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা করা।

(গ) আগামী ১ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সাথে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সরকার প্রত্যাশা করে, আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।

এসব কারণে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখার স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে থেকে সকল কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হলো।

বিজ্ঞাপন

পড়ুন : অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন