বিজ্ঞাপন

শান্ত-মুমিনুলের লড়াইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

প্রথম দিনের ধাক্কা কাটিয়ে সিলেট টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজের ফাইফারের পর আজ (২২ এপ্রিল) নাজমুল হোসেন শান্তর ফিফটিতে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের।

বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে থাকায় তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। মধ্যাহ্ন বিরতির পর খেলা মাঠে গড়ালে বেশিক্ষণ ক্রিজে টেকেননি মাহমুদুল হাসান জয়। আগের দিনের ৫৭ রান নিয়ে দিন শুরু করার পর আজ আর মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নিয়েছেন এই ওপেনার।

তবে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি কক্ষপথেই রেখেছিল টাইগারদের। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্ত যোগ করেন ৬৫ রান। অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু তার কপাল পুড়িয়েছেন নিয়াউচি। ৮৪ বলে ৬ চারে ৪৭ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি।

দলের প্রয়োজনের সময় হাল ধরতে পারেননি মুশফিকুর রহিম। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।

১৫৫ রানে ৪ উইকেট হারানোর পর জাকের আলীকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন শান্ত। নিজে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি। ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত আছেন তিনি। ২১ রান করে অন্যপ্রান্তে আছেন জাকের।আলোকস্বল্পতার কারণে খেলার শেষও হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। আগামীকাল তাই নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে খেলা শুরুর কথা রয়েছে।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়েও ৮২ রানের লিড জিম্বাবুয়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন