২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঠিক কতজন নিহত হয়েছেন—তা নিয়ে আজও স্পষ্ট কোনো চূড়ান্ত তথ্য মেলেনি। সম্প্রতি সংগঠনটি প্রাথমিকভাবে ৯৩ জন নেতাকর্মীর নাম-পরিচয়সহ একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী জানান, এই তালিকা এখনও চূড়ান্ত নয় এবং তথ্য যাচাই-বাছাই শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, ২০২৪ সালের ১৯ আগস্ট মানবাধিকার সংগঠন ‘অধিকার’ তাদের ফেসবুক পেজে নিহত ৬১ জনের একটি তালিকা প্রকাশ করে। এর বাইরে তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ের অনুসন্ধানে ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।
হেফাজতে ইসলাম ২০১৩ সালের ওইদিন ইসলাম ধর্ম অবমাননা, ব্লগারদের শাস্তি ও নারীনীতির বিরোধিতা সহ ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসলমান এতে অংশ নেন। রাত গভীর হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহৃত হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
প্রকাশিত প্রাথমিক তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পারিবারিক তথ্য যুক্ত রয়েছে। অধিকাংশ নিহত ছিলেন যুবক। যদিও এখনও নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে মতবিরোধ ও বিতর্ক রয়ে গেছে, বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছে মানবাধিকার সংস্থাগুলো।
পড়ুন: শাপলা চত্বর গণহত্যার অজানা তথ্য জানালেন উপ-প্রেস সচিব
দেখুন: ‘শাপলা ফুলের রক্তিম আভায় সেজেছে চেচুয়া বিল
ইম/


