জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নির্বাচন কমিশনকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, “আপনারা ভালোভাবে এনসিপিকে শাপলা প্রতীক দিন, অন্যথায় সারাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও করতে বাধ্য হবে।”
তিনি রবিবার সন্ধ্যায় নরসিংদী শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় সভায় এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনারা মনে করবেন না, এটা হাসিনার মগের মুল্লুক দেশ। আপনারা গায়ের জোর দেখিয়ে আমাদের ওপর কোনো প্রতীক চাপিয়ে দিতে পারবেন না। আমাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। যদি শাপলা প্রতীক না দেন, তাহলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, যিনি বিভিন্ন রাজনৈতিক দলের তোষামোদ করে নিয়োগ পেয়েছেন, তিনি কখনও বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না।”
এসময় সারোয়ার তুষার আরও বলেন, “নির্বাচন কমিশন তার কর্মকাণ্ডের জন্য ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছে।”
এ সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্যে বলেছেন, “আমরা মনে করি, আগামীর বাংলাদেশে এনসিপি যদি লাইনে থাকে, নীতি বজায় রাখে, অপকর্ম থেকে দূরে থাকে, তাহলে ভালো কাজ করুক বা না করুক, আমাদের মূল কাজ হচ্ছে লাইনে থাকা। আমরা বিশ্বাস করি, আগামীর নির্বাচন এবং আগামীর বাংলাদেশে এনসিপি দেশের প্রথম এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে।”
সভায় জেলা প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম সংগঠক আবদুল্লাহ আল ফয়সালসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় নেতারা জেলা/উপজেলা এনসিপির কার্যক্রম আরও গতিশীল করা এবং নতুন সদস্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : নরসিংদীর নৌকা বাইচে অব্যবস্থাপনা: পররাষ্ট্র উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা


