বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ–নাইমের দুই মেয়ে। বড় মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গেল বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় পারিবারিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন শাবনাজ–নাইম।
শাবনাজ–নাইমের বড় মেয়ে মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। এখন অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করতে গেছেন। যাওয়ার আগে ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইহসান সপরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। মাহাদিয়া ও ইহসানের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে ফেসবুকে নাইম লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ–তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ–তাআলা যেন তাঁদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’
কথা হয় নাইমের সঙ্গে। তিনি বললেন, ‘মেয়ে আমার এর আগেও দেশের বাইরে গেছে। পড়াশোনার জন্য বারবার গেছে। কিন্তু এবারের যাওয়াটা একটু অন্য রকম। মনটা একটু খারাপ ছিল। মনে হচ্ছে, মেয়েটাকে অনেক দিনের জন্য বিদায় দিতে হয়েছে। তারপরও শুকরিয়া, এমন একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরেছি, চিন্তা করতে হবে না।’
পড়ুন : টিভি অভিনেত্রী ও মেডেল জেনিফারকে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন করণ ওয়াহি


