দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক, লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) প্রকাশিত মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজনের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে এই প্রশিক্ষণের আয়োজন করবেন।
একইসঙ্গে শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদি করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পুলের প্রধান দায়িত্ব হবে প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দৈনিক অনুশীলনের বিষয়টি নিয়মিত তদারকি করা। তবে মনিটরিং পুলের কার্যক্রম নির্ধারিত ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে সম্প্রসারিত করা যাবে না বলে সতর্ক করা হয়েছে। এছাড়া প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রশিক্ষণ কার্যক্রমটি সফল করতে স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের সহায়তা নেওয়া হবে। স্কুল পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যরা এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। প্রয়োজনে অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা যাবে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যক্রমটি বাস্তবায়নে কোনো সমস্যার সম্মুখীন হলে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ কো-অর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের প্রধানদের এই নির্দেশনা দ্রুত কার্যকর করার জন্য অনুরোধও জানিয়েছে অধিদপ্তর।
পড়ুন:ফেব্রুয়ারিতে সড়কে নিহত ৪৩২ জন: রোড সেফটি ফাউন্ডেশন
দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ |
ইমি/


