শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওই বৈঠকে ইয়াও ওয়েন শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশের সঙ্গে চীন যৌথভাবে কাজ করতে চায় বলে ইচ্ছা প্রকাশ করেন।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সে সময় চীনের রাষ্ট্রদূত ও শিক্ষা উপদেষ্টা দুই দেশের নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণের জন্য আহ্ববান জানান তিনি। এছাড়াও, তিনি কারিগরি শিক্ষার উন্নয়ন করার জন্য ‘লুবান কর্মশালা’ এর মাধ্যমে চীন সরকারের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের প্রস্তাবকে স্বাগত জানান।
শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।’
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রেও উৎসাহ দেন। তিনি চীনের বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।


