শিব চতুর্দশীর পুণ্যলগ্নে ভক্তির আবেশে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের ঐতিহ্যবাহী শিববাড়ি মন্দির প্রাঙ্গণ। সোমবার ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল নামে মন্দিরে। ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর ‘হর হর মহাদেব’ ধ্বনিতে পুরো এলাকা যেন পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।
শিববাড়ি মন্দিরে এদিন শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা ও ফুল অর্পণের মধ্য দিয়ে ভক্তরা পালন করেন শিব চতুর্দশীর পূজা। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ।
মন্দিরের পুরোহিত ও আখাউড়া দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলক কুমার চক্রবর্তী বলেন, প্রায় আটশ বছর আগে ত্রিপুরার মহারাজ রাধা কৃষ্ণ মানিক্য বাহাদুর হাতিতে চড়ে ত্রিপুরা থেকে এসে এই শিব চতুর্দশীর মেলার শুভ উদ্বোধন করেছিলেন। সেই সময় থেকেই শিববাড়ি মন্দিরকে ঘিরে এই ঐতিহ্যবাহী আয়োজন চলে আসছে। প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এই মেলা আজও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠেছে।
দিনভর পূজা-অর্চনার পাশাপাশি মন্দিরকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। রঙিন খেলনা, মিষ্টান্ন আর নানা পণ্যের দোকানে ছিল ক্রেতাদের ভিড়। ভক্তি আর উৎসবের আবহে শিব চতুর্দশী যেন আখাউড়ায় এনে দিয়েছে এক শান্ত, সৌহার্দ্যপূর্ণ দিন।
পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে |
ইমি/


