চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নয়ন আলী (নয়েল), এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।
সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে নয়নের দুই পা ও দুই হাত কেটে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।
জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, দুই হাত ও পায়ে গুরুতর জখম থাকায় দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠানো হয়েছে।
রামেকে নেওয়ার পর নয়নকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি বলেন,
অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, বাবু স্থানীয় যুবদলের কর্মী ছিলেন। তবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

