চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও একটি সিএনজিসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার চককৃর্তি গ্রামের বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ ডি এক্স (Eskuf DX) সিরাপ এবং একটি সিএনজি জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও সিএনজিটি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানান, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

