জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা চত্বরে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।মানববন্ধনের ব্যানারে ছিল প্রতিবাদের জোরালো স্লোগান—“রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন” এবং “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।”
বক্তারা বলেন, “শিক্ষক সমাজের আলোকবর্তিকা, অথচ প্রধান শিক্ষক শামীম যে জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তা পুরো সমাজকেই কলঙ্কিত করেছে। এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তিই ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধ করতে পারে।”
তারা অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামবেন এলাকাবাসী।
এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন, এই নৃশংস ঘটনার পর শিশু ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—দ্রুত তদন্ত শেষ করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে, যাতে কোনো ধর্ষক আইন ও সমাজের চোখ ফাঁকি দিয়ে বেঁচে না যায়।
পড়ুন: দিনাজপুর পৌরসভার রেলবাজারে নির্মাণ কাজের উদ্বোধন
দেখুন: বিএনপির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ |
ইম/


