উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে শনিবার (১১ জানুয়ারি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক নিজ উদ্যোগে লোকচক্ষুর অন্তরালে ও বিনা প্রচারণায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। গভীর রাতের আঁধারে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দুর্গম এলাকায় সরাসরি গমন করেন এবং শীতার্ত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করেন।
বিজিবি অধিনায়কের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে শীতার্ত মানুষজন আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অনেকেই এমন সহানুভূতিশীল আচরণে বিস্ময় প্রকাশ করেন এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, লোক দেখানো কর্মসূচির বাইরে গিয়ে নিরবে নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের এই উদ্যোগ বিজিবি’র মানবিক ও জনবান্ধব ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করেছে। বেসামরিক মহলে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সাধারণ মানুষের মাঝে আশার আলো জাগিয়েছে।
সাধারণ জনগণ মনে করছেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই মানবদরদী কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
পড়ুন- নোয়াখালীতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন


