শীতের ভোর। জানালার বাইরে তাকালেই দেখা যায় চারপাশ সাদা ধোঁয়ায় ঢেকে আছে। শীতের কুয়াশা এখন শুধু সকালবেলার সৌন্দর্য নয়, বরং প্রতিদিনের বাস্তবতা। রাস্তাঘাটে চলাচল যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনি নীরবে আমাদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে এই কুয়াশা। বিশেষ করে শ্বাসপ্রশ্বাসে সমস্যা, বুক ধরা ভাব, কাশি কিংবা হাঁপানির মতো জটিলতা বাড়ছে অনেকেরই। বাংলাদেশে শীতকালে বাতাসে দূষণ, ধুলা ও কুয়াশা একসঙ্গে মিশে গিয়ে ফুসফুসের জন্য তৈরি করছে বড় ঝুঁকি। সকালবেলা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন অভিযোগ এখন অনেকের। এই সময়ে তাই ফুসফুসের যত্ন নেয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। তাহলে প্রশ্ন হলো শীতের কুয়াশায় শ্বাসকষ্ট হলে কী করবেন? চলুন জেনে নেয়া যাক কিছু সহজ কিন্তু কার্যকর উপায়।
১. নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন
ফুসফুস সুস্থ রাখতে শ্বাসের ব্যায়ামের বিকল্প নেই। প্রণায়াম, গভীর শ্বাস নেওয়া ও ডায়াফ্রামেটিক ব্রিদিং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে বা রাতে মাত্র ১০–১৫ মিনিট সময় দিলেই শ্বাস নিতে আরাম পাওয়া যায়।
২. পর্যাপ্ত পানি পান করুন
শীতে আমরা অনেকেই কম পানি খাই, যা শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর। পর্যাপ্ত পানি শরীরের ভেতরের শ্লেষ্মা বা মিউকাস পাতলা রাখে, যা বাতাসের ক্ষতিকর কণাকে আটকে রাখে এবং সংক্রমণ প্রতিরোধ করে। শীতে গরম পানি, আদা-চা বা স্যুপ পান করলে বাড়তি উপকার পাওয়া যায়।
৩. ধূমপান থেকে দূরে থাকুন
ধূমপান ফুসফুসের সবচেয়ে বড় শত্রু। শীতের কুয়াশার সঙ্গে ধূমপানের ধোঁয়া মিলে শ্বাসতন্ত্রের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস ও হাঁপানির ঝুঁকি কমাতে ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করা জরুরি।
৪. পর্যাপ্ত ও গুণগত ঘুম
প্রতিদিন ৭–৮ ঘণ্টা গভীর ঘুম শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। এই সময়েই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। ভালো ঘুম মানেই ফুসফুসসহ পুরো শরীরের সুস্থতা।
৫. হলুদ-আদা চা
হলুদ ও আদা—দুটোই প্রাকৃতিক প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই দুটি একসঙ্গে চা হিসেবে পান করলে ফুসফুসের প্রদাহ কমে, শ্বাস নিতে আরাম হয় এবং শরীর ডিটক্স হতে সাহায্য করে।
৬. পুষ্টিকর খাবার খান
ফুসফুস ভালো রাখতে খাবারের দিকে নজর দিন। ব্লুবেরি, সবুজ শাকসবজি, বাদাম, বীজ, লেবু, কমলা ও ভিটামিন সি-সমৃদ্ধ খাবার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য শ্বাসযন্ত্রকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শীতের কুয়াশায় সকালে বাইরে বের হওয়া এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করুন এবং দূষিত পরিবেশ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। ফুসফুসের সুস্থতা কোনও একদিনের যত্নে আসে না। নিয়মিত ব্যায়াম, সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর অভ্যাস সব মিলিয়েই সুস্থ শ্বাসপ্রশ্বাসের চাবিকাঠি।
পড়ুন: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
দেখুন: ভারত-পাকিস্তান যু’দ্ধের আসল বিজয়ী চীন
ইম/


