অ্যাকশন ঘরানার সিনেমা মানেই টানটান উত্তেজনা, মারপিট আর রোমহর্ষক সব দৃশ্য। কিন্তু পর্দার সেই রোমাঞ্চকর দৃশ্য ধারণ করতে গিয়ে পর্দার পেছনের বাস্তবটা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তার দৃষ্টান্ত মিলল হলিউড অভিনেতা জনাথন মেজর্সের ক্ষেত্রে। স্টান্টম্যান ছাড়াই কঠিন দৃশ্য করতে গিয়ে এবার সরাসরি বিপদে পড়লেন এই অভিনেতা।
মূলত হলিউডের ‘নাকল’ সিনেমার শুটিং সেটে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে কাঁচের জানালা ভেঙে নিচে পড়ে যান জনাথন। এ সময় আহত হন তার সহ-অভিনয়শিল্পী জেসি কিলকয়েনও। এতে প্রায় ৬ ফুট উচ্চতা থেকে জানালা ভেঙে নিচে পড়ে যান তারা। বর্তমানে দুজনেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
সেটের একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই ক্রু সদস্যরা তাদের উদ্ধারে ছুটে যান। তবে আঘাতের চেয়েও অভিনয়ের প্রতি জনাথন মেজর্সের একাগ্রতা সবাইকে অবাক করেছে। নিচে পড়ে যাওয়ার পরও তিনি জানতে চান, দৃশ্যটি ঠিকমতো ক্যামেরায় ধরা পড়েছে কি না এবং সেটি সিনেমায় ব্যবহার করা যাবে কি না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই জানালাটিতে আগে থেকেই একটি ‘টেম্পারড গ্লাস’ লাগানো ছিল যা পরবর্তী সময়ে কোনো এক স্টান্ট দৃশ্যে ভাঙার কথা ছিল। কিন্তু সেই নির্দিষ্ট দৃশ্যে কোনো অভিনয়শিল্পীর থাকার কথা ছিল না। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় জেসি কিলকয়েনের হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।
উল্লেখ্য, এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি জনাথন মেজার্স নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে কিছুটা জটিলতাও চলছে। পিপল ম্যাগাজিন জানিয়েছে, শ্রম-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আইএটিএসই ইউনিয়নের সদস্যরা গত ২৬ মার্চ থেকে ধর্মঘট পালন করছেন। তবে নির্মাতারা বিকল্প ক্রু নিয়োগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। কাইল র্যাঙ্কিন পরিচালিত ‘নাকল’ সিনেমাটি মূলত আমেরিকান যোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে নির্মিত।
পড়ুন:সামনে এলেন ‘দম’-এর আসল নূর, জানালেন রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


