২০/০২/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (সোমবার) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

রায়কে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।

সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে প্রবেশ করে জমায়েত হতে না পারে, সেজন্য সব থানাকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। রেলপথ ও নৌপথেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আশপাশের এলাকাতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ট্রাইব্যুনালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো দল বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকাতেও ডিএমপি, বিজিবি ও এপিবিএনের সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের ফোর্স মোতায়েন আছে। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, মানুষের ওপর বা পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা কিংবা যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে আইনসম্মতভাবেই পাল্টা ব্যবস্থা—প্রয়োজনে গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলাসহ বিভিন্ন এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা দায়িত্ব পালন করছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব জানান, র‌্যাব-২ ও র‌্যাব-৩ এর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল, চেকপোস্ট ও অনলাইন হুমকি পর্যবেক্ষণে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে।

উল্লেখ্য, শেখ হাসিনার রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনেও রায় ঘোষণার অনুষ্ঠান প্রদর্শন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও রায় সম্প্রচার করা হবে।

পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন