অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) লকার দুটি জব্দ করা হয়।
সিআইসির এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। লকার দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
অপরদিকে, একইদিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। তবে ওই লকারে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে— ৭৫১ ও ৭৫৩ নম্বর। কর ফাঁকি হয়েছে কি না তা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআর সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটি তাঁর নামে। সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা তিনটি লকার এখন পর্যন্ত জব্দ করা হলো।
পড়ুন: শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
আর/


