২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মিছিলটি মাধবদী বাজারের জালপট্টি মসজিদের সামনে থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে রাইন ওকে মার্কেটের সামনে সিএমবি মসজিদের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী থানা জামায়াতের আমির আব্দুল আজিজ।
মাধবদী শহর ও থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচিতে মাধবদী শহর জামায়াতের আমির আমিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধবদী থানা জামায়াতের সেক্রেটারি জাফর উল্লাহ খান, অর্থ সম্পাদক ইব্রাহিম মোল্লা, শহর জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, সহ-সেক্রেটারি নজরুল ইসলাম, অফিস সম্পাদক ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আজগর আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ গণহত্যা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এ ঘটনার নেপথ্যে থাকা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার না হওয়ায় জাতি আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
তারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদসহ হাসিনা সরকার গত ১৭ বছরে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
সেই সঙ্গে ইসলামপ্রিয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ সময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে বলে জানান জামায়াত নেতৃবৃন্দ।
পড়ুন : নরসিংদীর নৌকা বাইচে অব্যবস্থাপনা: পররাষ্ট্র উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা


