শেরপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রোববার (১৩ জুলাই) বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও একই এলাকার জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯)। আহত শিশুটির নাম আমিন (৭)। তারা তিন জনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারা মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত আমিনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন বলেন, বিকেল পাঁচটার দিকে বড় রাংটিয়া মোড়ে একটি মাইক্রোবাস তিন মাদ্রাসা শিক্ষার্থীকে চাপা দেয়। ঘাতক মাইক্রোবাসসহ চালক আটক রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : শেরপুরের সবগুলো নদীর পানি কমেছে, বাঁধে ফাটল ধরায় আতঙ্কে মানুষ


