শেরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক কন্যা শিশু চুরি হয়েছে। এ ঘটনায় নবজাতকটি উদ্ধারে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (২৮ জুন) দুপুরে জেলা শহরের বটতলা এলাকায় ইউনাইটেড (প্রাঃ) হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়ার গর্ভবতী স্ত্রী আবেদা বেগম সিজারের জন্য গেল বুধবার (২৫ জুন) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে সিজারের মাধ্যমে একটি কন্যা শিশুর জন্ম হয়। শনিবার সকালে হাসপাতাল থেকে ওই নবজাতকটি চুরি হয়। পরে বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করে এবং চুরি হওয়া নবজাতক ফিরিয়ে দেয়ার দাবি জানান।
নবজাতকটির বাবা ফিরোজ মিয়া বলেন, কোথায় থেকে আমার সন্তান এনে দিবে সেটা আমি জানি না। আমি আমার সন্তান ফিরে চাই, আমি অন্য কিছু চাইনা। হাসপাতাল থেকে আমার সন্তান চুরি হয়েছে।
ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম বলেন, নবজাতক চুরির বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নবজাতকটি উদ্ধারে পুলিশের সহযোগিতা চান তিনি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যান। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসাথে চুরি হওয়া নবজাতক উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
পড়ুন: গোপালগঞ্জে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
দেখুন: ১৮ বছর বিমানবন্দরে বাস করা সেই ইরানির মৃত্যু
ইম/


