শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে দুর্গাপুর উপজেলা সিপিবির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এদিন বিকেলে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা এবং বিগত দিনে পার্টির আদর্শ সমুন্নত রাখতে গিয়ে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, “দেশের শ্রমজীবী, কৃষক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই সিপিবির জন্ম। দীর্ঘ ৭৮ বছর ধরে এই দলটি গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে।”
তিনি দেশে ক্রমবর্ধমান বৈষম্য, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে দেশের আপামর গণমানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ যাত্রা শুরু করা এই দলটি নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। সিপিবি সব সময়ই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে যাচ্ছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের এই লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উদীচীর উপজেলা সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের উপজেলা সভাপতি অবণী কান্ত হাজং এবং উপজেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পড়ুন : নেত্রকোনায় রাতের আঁধারে বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই


