খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শামীম শিকদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং তার সহযোগী মাহদিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে মহানগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে তনিমা তন্বী ও মো. আরিফকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা র্যাব-৬ এর মুখপাত্র মেজর মো. নাজমুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনার পরপরই র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহসহ আশপাশের সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র বিশ্লেষণ শুরু করে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয় এবং তাদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
তিনি আরও জানান, গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সন্দেহভাজন হিসেবে মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব মুখপাত্র বলেন, পরদিন শুক্রবার রাতে পরিচালিত অভিযানে বসুপাড়া এলাকা থেকে শামীম শিকদার ওরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মাহদিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে র্যাবের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে, সে নিজ হাতেই মোতালেব শিকদারের মাথায় গুলি চালিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব।
পড়ুন: তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি
দেখুন: একাধিক দেশে অ/স্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান!
ইম/


