গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (৫ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে ঢাকা পিজি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক জামাল উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
তার বড় ভাই গিয়াস উদ্দিন ও ছেলে তানভীর আহমেদ নিলয় জানান, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ, ধানমন্ডির পপুলার হাসপাতাল এবং সর্বশেষ পিজি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী সাংবাদিকরা জানান, ‘জামাল উদ্দিন ছিলেন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ শোকাহত।’
মৃত্যুকালে জামাল উদ্দিন স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পড়ুন : গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর এক জনের মরদেহ উদ্ধার, অপরজন এখনো নিখোঁজ


