গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, ভোর সকালে বরমী বাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী বাজার হয়ে গাজীপুর সদর উপজেলায় মোশাররফ কারখানার যাচ্ছিল। পথিমধ্যে লেগুনাটি আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে লেগুনার মধ্যে সামনের সীটে বসা এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, উপজেলার বরমীর বিভিন্ন এলাকা থেকে নারী শ্রমিকদের নিয়ে শ্রমিক বাহী একটি লেগুনা কারখানায় যাওয়ার পথে আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান এক নারী শ্রমিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, একটি শ্রমিকবাহী লেগুনা আনসার টেপিরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন।
পড়ুন: যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণে দাবিতে গাজীপুরে জামায়াতের মানববন্ধন
এস/


