বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনার সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, আমরা সবাই ধানের শীষের কর্মী। আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।
মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন। অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পড়ুন: শেরপুরে বিএনপির সদর ও পৌর কমিটি ঘোষণা
এস/


