লক্ষ্মীপুরে এক রাজনৈতিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, দেশে চলছে গভীর ষড়যন্ত্র। কিন্তু বিএনপি রক্ত দিতে ভয় পায় না। গণতন্ত্রের লড়াইয়ে আমরা অতীতেও রক্ত দিয়েছি, ভবিষ্যতেও দেবো। ষড়যন্ত্র যতই হোক, মাথা নত করবো না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে রাজপথে বিএনপির রক্ত ঝরেছে। শহীদ জিয়ার আদর্শে দল পরিচালিত হয়, ভিন্ন পরিচয়ে বিএনপি রাজনীতি করে না। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিয়েই দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন। উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

