জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।
হুমকির শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক বাংলা ও নিউজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রাব্বিউল হাসান রমি, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলম, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি কাজি তানভিরুল ইসলাম রিগ্যানের সহধর্মিণী মনিরা ইসলাম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার, দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি জীবন তালুকদার লিটন, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট সজীবুল ইসলাম পাভেল, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সউদ তালুকদার, অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ এর জেলা প্রতিনিধি আবু রায়হান, নাগরিক টেলিভিশন ও দৈনিক শিক্ষাডটকমের জেলা প্রতিনিধি মাহফুজার রহমান, স্টার নিউজের জেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ। এছাড়াও আরও অনেক সাংবাদিক হুমকি পেলেও তাঁরা নাম প্রকাশ করতে চাননি।
অভিযুক্ত শিক্ষক হলেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা নাফসি তালুকদার।
তার বিরুদ্ধে হাসপাতালের ডাক্তার-নার্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকর্মী শিক্ষক-শিক্ষার্থী এবং এমনকি এসিল্যান্ডের সঙ্গেও অসদাচরণের অভিযোগ রয়েছে। এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত উল্লেখ্যযোগ্য কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সাংবাদিক নেতাদের। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকের।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাফসি তালুকদার বলেন, চাঁদাবাজ, গুন্ডা, হিরো মাস্তান, শিক্ষক- আমিই সব।
এ প্রসঙ্গে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, হুমকির বিষয়ে সাংবাদিকরা জিডি করেছেন। আমরা জিডি গ্রহণ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নাফসি তালুকদারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নবম শ্রেণির ৩৩ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে বেত্রাঘাত করেন। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানোর নোটিশ করেন। কারণ দর্শানোর নিউজ প্রচার ও শেয়ার করায় শিক্ষক নাফসি তালুকদার সাংবাদিকদের গণহারে হত্যার হুমকি দেন।
পড়ুন:জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান


