মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। এসময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
রোববার সকালে ১১টার দিকে চিফ হুইপ নুরুল ইসলাম-এর নেতৃত্বে হুইপরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ বলেন, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক বিতর্ক হওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলও সেই বিতর্কে অংশ নিয়ে সংসদের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করবে।
তিনি আরও বলেন, সংসদকে শুধু প্রাণবন্ত করার ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে দেশের সকল জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদকে আরও কার্যকর ও প্রাঞ্জল করতে কাজ করা হবে। পাশাপাশি বিরোধী দলকে সংসদে কথা বলার সর্বোচ্চ সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
চিফ হুইপ আরও জানান, নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনকে কার্যকর করতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।
এসময় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
পড়ুন:গাংনীতে এনসিপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ |
ইমি/


