বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি দল মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য (এমপি) পর্যন্ত সব মনোনয়ন আগেই নির্ধারণ করে রেখেছে, অন্যদিকে মুখে বলছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। এটি মূলত জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। বাংলাদেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয়, সেটা সংসদীয় গণতন্ত্রের পথেই আনতে হবে।
শনিবার (৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পাবে, তারাই পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন নির্বাচনের আগে নানা অজুহাতে ইস্যু তৈরি করা হচ্ছে, উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা।”
আবুল খায়ের বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা সংসদীয় গণতন্ত্র চাই, এবং এমন একটি নির্বাচন চাই, যা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করবে এমন প্রত্যাশা রাখি।”
তিনি বলেন, এ বিষয়ে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত এবং দায়িত্বশীলভাবে অংশগ্রহণের জন্য বিএনপি বদ্ধপরিকর। তিনি দলীয় নেতা-কর্মীদেরও গণতন্ত্র ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে সচেতন থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পড়ুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা


