সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, পানির সমস্যা বেশি। গত দুই-তিনদিন ধরে ঘোলা পানি পাওয়া গেছে। এ কারণে আমার নিজের পেটও খারাপ হয়েছে। ঘোলা পানির সমস্যা সমাধানের জন্য সরকারকে বলা হবে। সংসদ ভবন এলাকায় এক কোটি লিটার পানির দরকার কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে পানির খুবই সংকট। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন চিফ হুইপ।
কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত।
১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই, তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।
সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন। লাশবাহী ফ্রিজিং গাড়ি চাই।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

