নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের। এ অবস্থায় শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিকল্প সাংবিধানিক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ পড়ানো নিয়ে বর্তমানে দুটি পথ খোলা আছে।
প্রথমত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কোনও একজন ব্যক্তিকে মনোনীত করতে পারবেন শপথ পড়ানোর জন্য। উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রধান বিচারপতি সম্মত হলে তিনিও এ দায়িত্ব পালন করতে পারেন।
দ্বিতীয়ত, যদি নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে কোনও কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা না যায়, সে ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন।


