আনসার সদস্যদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকছে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জাতীয়করণের বিষয়টি, সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে। আনসারদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন খবরে আন্দোলন স্থগিত করে কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা।
চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।
বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক ৫৪০ টাকা চুক্তিতে কাজ করা আনসার সদস্যরা চাইছেন, তাদের চাকরি স্থায়ী করা হোক। এই দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তারা। তাদের ঘেরাওয়ের কারণে সচিবালয় থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারেননি।
বিকাল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সাথে কথা বলে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে কর্মসূচি স্থগিত ঘোষণা করে তারা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।


