পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আয়োজিত গণ-ইফতার ও দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্প্রীতির এমন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
ইফতারের পূর্বে আবেগঘন ও দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রমজান মাস, সিয়াম সাধনার মাস। পবিত্র এই মাসে আমাদের বাবা-মা যারা দুনিয়াতে নাই, তাদের জন্য আমরা দোয়া করব এবং যাদের বাবা-মা দুনিয়াতে আছেন তাদের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আমরা দোয়া করব।”
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের সকলের ভোটের মাধ্যমে আপনারা আমাকে আপনাদের নির্বাচিত প্রতিনিধি করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আজকে আমরা অনন্য একটা জায়গায় উপস্থিত হয়েছি। কলমাকান্দাবাসীর সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমার একটাই অনুরোধ- আমরা যেন সততার সাথে ও ঈমানের সাথে চলতে পারি।”
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে কায়সার কামাল আরও বলেন, “আমি নির্বাচনের আগে বলেছিলাম, আমরা একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। আমি এখানে উপস্থিত বিএনপি, জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দল, অন্যান্য পেশাজীবী সংগঠন ও সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাব- আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। যেন কলমাকান্দাকে একটি সুন্দর এবং মানবিক কলমাকান্দা হিসেবে গড়ে তুলতে পারি।”
সমাজে সবার সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “যেখানে দল, মত, পথ, শ্রেণি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই যেন সমান অধিকার ভোগ করে, সেই প্রচেষ্টা আমি রাখব ইনশাআল্লাহ। এই আমরাই কলমাকান্দাকে একটি ইনসাফের জনপদ হিসেবে গড়ে তুলব।”
অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরিশেষে, উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, কলমাকান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পড়ুন- ঈদযাত্রা: শেষ দিনেও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষে ভিড়


