ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। ওইদিন বিকেলে ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে তাদের উদ্ধার করে পুলিশ।
তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।


