মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হক একজন বাংলাদেশী উদ্যোক্তা, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি বিজিএমই-এর সভাপতি ছিলেন, পরে এফবিসিসিআইর সভাপতি হন। পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বেও ছিলেন। মেয়র হয়ে গ্রীণ ও ক্লিন ঢাকা গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।
সেই সবুজ ঢাকার স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজ জন্মভূমি নোয়াখালীর কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামের আনিসুল হক নবারুণ একাডেমিতে আলোচনা সভা, দোয়া, কেককাটা, বৃক্ষের চারা ও ডাস্টবিন বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

এতে আনিসুল হক নবারুণ একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনিসুল হকের ছোট বোন ও আনিসুল হক নবারুণ একাডেমির পরিচালনা কমিটির সদস্য জেসমিন ওয়াফা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও আনিসুল হকের চাচাত ভাই মাসুদুল হক ও আজহারুল হক তুহিন, কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুদ্দিন সাকলাইন।

আলোচনা সভায় বক্তারা স্বপ্নবাজ আনিসুল হকের কর্মময়, সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং তাঁর জনবান্ধব কর্মগুলোর স্মৃতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠির মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আনিসুল হক ১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


