আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়-ঝাপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আট দলের পক্ষ থেকে।
৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ ২৮ ডিসেম্বর (রোববার) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দল তিনটি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে।
এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় ৩০টি আসন পাচ্ছে না এনসিপি। এই সংখ্যাটি ২০/২৫ এর মধ্যে থাকছে। বাকি দুটি দল পাচ্ছে ৫টি আসন। বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান জামায়াতের এক শীর্ষ নেতা।
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে সম্প্রতি পদত্যাগের হিড়িক লেগেছে, জামায়াতে ইসলামীর সাথে জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে যা দলের অনেক নেতার মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এই ইস্যুতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং চট্টগ্রাম থেকে নির্বাচিত নেতা মীর আরশাদুল হকের মতো প্রভাবশালী নেতারা পদত্যাগ করেছেন। এছাড়া, দলের অভ্যন্তরীণ অনিয়ম, কমিটি গঠন এবং নীতি-বিচ্যুতিকেও পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক নেতা বলেন ‘জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। এই বিভেদ দূর করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কে পদত্যাগ করবে আর কে করবে না এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।’
এনসিপি সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের এই চূড়ান্ত মুহূর্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলটির নারী নেত্রীরা। গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোটের সিদ্ধান্ত নিতে বৈঠক হয়। সেই বৈঠকে নারী নেত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা (নারী নেত্রীরা) প্রয়োজনে একসঙ্গে দল থেকে পদত্যাগ করবেন।
এছাড়াও, হাসিনা বিরোধী আন্দোলন বা অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমও চান না জামায়াতের সঙ্গে জোট গঠন করুক এনসিপি। কারণ নারীরা জোটবদ্ধ হয়ে ভেটো দিচ্ছেন। তাই জামায়াতের সঙ্গে জোট গঠনকে কেন্দ্র করে নির্বাচনের আগ মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিলে ‘জুলাই আন্দোলনের মূল শক্তি’ এনসিপির জন্য হিতে বিপরীত হতে পারে।
পড়ুন: ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতের মেঘালয় থেকে আটক
আর/


