খানাখন্দে ভরা সড়ক, দখল – দূষণ, চাঁদাবাজি ও মাদকাসক্তির মতো নানা সমস্যায় জর্জরিত সংসদীয় নির্বাচনী আসন ঢাকা-০৯। পাশাপাশি তিতাসের সরবরাহকৃত গ্যাসের সংকট যেন এই আসনের বাসিন্দাদের জীবনে মরার ওপর খাঁড়ার ঘা। প্রায় এক দশক ধরে টেনে আসা এই বোঝা থেকে প্রতিকার চায় জনগণ।
হাত বাড়ালেই মেলে মাদক। বর্ষাকালে ডুবে যায় সড়ক, শীতকালে থাকে তীব্র গ্যাস সংকট। এছাড়া ফুটপাত দখল যেন নিত্যদিনের ঘটনা। বিগত দুই যুগেরও বেশি সময় ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত জনপদ নিয়ে গঠিত ঢাকার নয় আসনের বাসিন্দাদের মুক্তি মেলেনি
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে।
এই আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ উনপঞ্চাশ হাজার নয়শ বায়ান্ন। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত সংসদ সদস্য এলাকার মানুষের দুর্ভোগ ও সমস্যা নিরসনে কাজ করবেন।
নির্বাচনকে সামনে রেখে এই এলাকায় প্রার্থীরা করছেন প্রচারণা। আয়োজন করা হচ্ছে মেডিকেল ক্যাম্পেরও।
প্রথমবারের মতো এই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ। বললেন, কথায় নয়, কাজেই প্রমাণ করতে চান তিনি।
খিলগাঁওয়ের মেয়ে ডাক্তার তাসলিম জারা প্রথমবারের মতো সংসদ নির্বাচন করবেন ঢাকার নয় আসন থেকে। জাতীয় পর্যায়ে নিজ এলাকাকে তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস তার।
অন্যদিকে, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সকলের জন্য একটি মডেল আসন গড়তে চান জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের ।
বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি ছাড়াও এই আসনে নির্বাচনী প্রচারণায় রয়েছেন সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা।
পড়ুন : নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন অন্তত ১৬টি দেশের অর্ধশতাধিক পর্যবেক্ষক


