১৩/০২/২০২৬, ১৪:৫৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৪:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সহজ জয়েই চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী

বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। আজ সকালেও নির্বাচন কমিশন থেকে ফলাফল আসছে। জাতীয় নির্বাচনের আবহের মধ্যেই নারী ফুটবল লিগের শেষ রাউন্ডের খেলা আজ সকাল থেকে শুরু করেছে বাফুফে। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ঋতুপর্ণা চাকমাদের রাজশাহী স্টারস।

বিজ্ঞাপন

ঋতুপর্ণা, আফিদাদের নিয়ে গড়া রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় ছিল। আজ শেষ ম্যাচে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করলেই হতো। আর্মিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঋতুপর্ণারা। ১০ ম্যাচের দশটিতেই জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী। তাদের সঙ্গে ফরাশগঞ্জ ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তিন দল শিরোপার লড়াইয়ে ছিল। আজ সেনাবাহিনী রাজশাহীকে হারালে তাদের পয়েন্ট রাজশাহীর সমান ২৭ হতো। ফরাশগঞ্জ আজ শেষ ম্যাচ জিতলে তাদেরও দাঁড়াত ২৭ পয়েন্ট। তখন তিন দলের মধ্যে প্লে-অফ অনুষ্ঠিত হতো। রাজশাহী জয় পাওয়ায় আর কোনো জটিল সমীকরণে যেতে হয়নি। 

বাংলাদেশ সেনাবাহিনী লিগে ধারাবাহিক পারফর্ম করেছে। ফরাশগঞ্জ ছাড়া অন্য কোনো দলের সঙ্গে হারেনি। রাজশাহীর বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস ছিল। প্রথমার্ধে রাজশাহীকে গোল করতে দেয়নি সেনাবাহিনী। দ্বিতীয়ার্ধে অবশ্য তিন গোল করে রাজশাহী ম্যাচ জিতে নেয়। 

দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে ডান প্রান্ত থেকে ক্রসে একেবারে ফাঁকা জায়গায় বল পান আলপি আক্তার। প্লেসিংয়ে বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি সাফ অ-১৯ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলাদাতা ও টুর্নামেন্ট সেরা ফুটবলারের। ১৫ মিনিটে শাহেদা আক্তার রিপা দারুণ গোল করেন। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমা ক্রস করেন ডান প্রান্তে। উড়ন্ত বলেই রিপা কোনাকুনি জোরালো শটে গোল করেন। নির্ধারিত সময়ের শেষদিকে নিজেই গোল করেন ঋতুপর্ণা। 

সেনাবাহিনী গোল পরিশোধের চেষ্টা করেছিল। তবে রাজশাহী স্টারসের জাতীয় দলের গোলরক্ষক রুপ্না চাকমাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। সেনাবাহিনীর গোলরক্ষক মিলি আক্তারও জাতীয় দলের স্কোয়াডে থাকেন। তিনি কয়েকটি দারুণ সেভ করলেও রাজশাহী ফরোয়ার্ডদের দক্ষতা ও নিজ দলের ডিফেন্ডারদের ভুলে তিন গোল রক্ষা করা সম্ভব হয়নি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্স নতুন দল গড়েই চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবল লিগেও ক্রিকেটের পৃষ্ঠপোষক দল নাবিল গ্রুপের অর্থায়নে রাজশাহী স্টারস করা হয়েছে। জাতীয় দলের একঝাঁক তারকা এবং নেপালের জাতীয় ফুটবলার নিয়ে রাজশাহী প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। প্রায় কাছাকাছি শক্তির ফরাশগঞ্জকে হারানোর পরই রাজশাহীর শিরোপা প্রায় নিশ্চিত ছিল। আজ সেনাবাহিনীকে হারিয়ে দশে দশ করেই চ্যাম্পিয়ন উদযাপন করল রাজশাহী। 

পড়ুন:বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন