উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে নিয়ে ‘অগ্রযাত্রা’ ফেসবুক পেইজে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগে তিন সাংবাদিক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে মামলাটি করেন শাহজাহান চৌধুরী নিজে। মামলায় ৫০ কোটি টাকা সম্মানহানির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মামলায় ‘অগ্রযাত্রা’ নামের একটি ফেসবুকভিত্তিক ভিডিও প্ল্যাটফর্মে প্রচারিত একটি প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানি করার অভিযোগ আনা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে ‘অগ্রযাত্রা’র সম্পাদক মেহেদী হাসান অর্ণব, রিপোর্টার খান মঈন উদ্দিন, ফাহিম হাসান, কক্সবাজার জেলা বিএনপির নেতা সুলতান আহমদ ও টেকনাফের সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা ইমান হোসেন।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, ‘অগ্রযাত্রা’ ফেসবুক পেইজে গত ৪ জুন “কক্সবাজারে ৫ আগস্টের পর ১০০ কোটি টাকা কামিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী” শিরোনামে ৭ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
এই প্রতিবেদনের কারণে শাহজাহান চৌধুরীর সম্মান ক্ষুণ্ণ হওয়ায় তিনি ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।
বাদীপক্ষের পক্ষে মামলাটি পরিচালনা করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসানসহ একাধিক আইনজীবী। মামলার বিষয়টি কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকী নিশ্চিত করেছেন।
পড়ুন: নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেখুন: নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ইম/


