শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটকের ভিড় বেড়েছে। পর্যটনকেন্দ্রটির কোনো রিসোর্ট-কটেজে রুমে খালি নেই। তাই শুক্রবার কক্ষ না পেয়ে কিছু পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে গেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানিয়েছে, বর্তমানে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ১০০টির মতো রিসোর্ট-কটেজ রয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সব রিসোর্ট-কটেজের কক্ষ ভাড়া হয়ে গেছে। রিসোর্ট-কটেজের স্টাফদের থাকার কক্ষগুলোও ভাড়া দিতে হয়েছে। অনেক পর্যটক কক্ষ না পেয়ে সাজেক থেকে ফিরে গেছেন।
সাজেক মোন-আদাম রিসোর্টের স্টাফ জিতেন চাকমা বলেন, আমাদের এখানে কোনো কক্ষ খালি নেই। সব ভাড়া হয়ে গেছে। এমনকি আমার থাকার কক্ষটাও ভাড়া দিতে হয়েছে। আমার এখন থাকার জায়গাটাও নেই আর।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, আজকে (শুক্রবার) হঠাৎ করে সকাল থেকে পর্যটক এসেছে প্রায় ২৩০০ হতে ২৫০০ মতো হবে। আমাদের সব রিসোর্ট কটেজগুলো শতভাগ ভাড়া হয়ে গেছে। যারা কক্ষ পায়নি তাদের জন্য রিসোর্ট কটেজের স্টাফদের থাকার কক্ষগুলো ভাড়া দিতে হয়েছে।
আমার নিজের থাকার কক্ষটাও ভাড়া দিতে হয়েছে। আবার অনেকে কক্ষ না পেয়ে বিকালের দিকে সাজেক থেকে খাগড়াছড়ি দিকে ফিরে গেছে।
পড়ুন :রাঙামাটিতে সিপিবির সম্মেলন, নেতৃত্বে ফের সমীর অনুপম-বখতেয়ার


