মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয়েছেন অন্তত পাচঁজন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এশিয়া পোষ্টকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম।
শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ করা হয়েছে চারটি মোটরসাইকেল।
আহতরা হলেন– ওই গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার, একই গ্রামের চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, খালেক বেপারীর ছেলে রানা বেপারী ও একই এলাকার মো. রাশেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সন্ধ্যার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদারের সমর্থক খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হামলা চালায় ওই গ্রামের হাসান মুন্সি পক্ষের শাকিব, টুটুলসহ ১০ থেকে ১৫ জন কিশোর।
হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ
ইমি/


