আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসন।
এরই অংশ হিসেবে ৩১ জানুয়ারি শনিবার খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া দোলাপাড়া কালী সাধু মন্দিরে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।
হিন্দু ধর্মাবলম্বী ও ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আফতাব উদ্দিন মোল্লা বলেন, “ইসলাম ধর্মে অন্য ধর্মের প্রতি আঘাত বা অসম্মান করার কোনো অবকাশ নেই। আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, তারা অন্য ধর্মের নিরাপত্তা ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি গত ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আপনারা দেখেছেন, অস্থিতিশীল পরিস্থিতিতেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাত জেগে মন্দির ও ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিক, নির্বিশেষে ধর্ম-বর্ণ, সমঅধিকার ও নিরাপত্তা ভোগ করবেন। ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক তকমা দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।”
কালী সাধু মন্দিরের সাধু কালিদাস চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী, খানসামা উপজেলা সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, উক্ত উপজেলার সাবেক আমির মোঃ আতাউর রহমান, শহীদ মুজাহিদের পিতা। দিনাজপুর-৪ আসনের ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভোটাররা প্রার্থীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
পড়ুন- চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে ৪০ পরিবার!


